• ২৭ কার্তিক ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Chandranath Rath

রাজ্য

নন্দীগ্রামে শেষ মুহূর্তের চমক! প্রয়াত চন্দ্রনাথের মাকেই প্রার্থী করছে বিজেপি?

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হাসি রানি রথের নাম ঘিরে জল্পনা তুঙ্গে। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ আজ মনোনয়ন জমা দিতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে নন্দীগ্রামে ইতিমধ্যেই তাঁর নামে পোস্টার পড়েছে। সূত্রের খবর, মনোনয়ন ঘিরে বড় কর্মসূচিরও প্রস্তুতি শুরু করেছে বিজেপি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছেড়ে এসেছেন, সেই আসনেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। ফলে শুরু থেকেই এই কেন্দ্রের প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল। বিজেপির তরফে একাধিক নাম নিয়ে আলোচনা চলছিল। তবে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নাম নিয়েই সবচেয়ে বেশি জল্পনা ছিল। সূত্রের খবর, শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হতে চলেছে।জানা গিয়েছে, আজ মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থকেরা সেখানে জমায়েত হতে শুরু করেছেন। পুজোর পর প্রায় ২০ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। হলদিয়ার কদমতলা মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।দলের তরফে আস্থা রাখায় খুশি হাসি রানি রথ। তিনি জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এর আগে একটি সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, দল যদি তাঁকে কোনও গুরুদায়িত্ব দেয়, তা হলে তিনি সেই দায়িত্ব যথাসাধ্য পালন করবেন।তখন হাসি রানি রথ বলেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের পরিবারের অভিভাবক। তিনি কোনও গুরুদায়িত্ব দিলে তা মাথা পেতে নেবেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে তিনি রাজনীতিতে রয়েছেন। দুবার পঞ্চায়েত সদস্য এবং তিন বার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরএই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, বাম এবং কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী হয়েছেন চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে। তাঁকে প্রার্থী করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে লড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনে নতুন মুখের উপরেই ভরসা করেছে কালীঘাট তৃণমূল। অন্য দিকে, ঋতব্রত শিবিরের প্রার্থী এহতেশামুল হক। বামেদের তরফে প্রার্থী করা হয়েছে সিপিআই-এর শান্তিগোপাল গিরিকে।এই পরিস্থিতিতে বিজেপির তরফে হাসি রানি রথের নাম সামনে আসায় নন্দীগ্রামের উপনির্বাচনের লড়াই আরও জমে উঠেছে। যদিও দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এখনও রয়েছে। আজকের মনোনয়ন এবং তার আগে বড় মিছিলের দিকে তাই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সেপ্টেম্বর ১৫, ২০২৬
রাজ্য

নিহত আপ্তসহায়কের মা-ই কি নন্দীগ্রামে বিজেপির মুখ? জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রাম মানেই হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই। তার উপর এবার সেখানে উপনির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই গোটা বাংলার রাজনৈতিক মহলের নজর এখন নন্দীগ্রামের দিকে। উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যেই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল শিবিরে এখনও সেই তৎপরতার ছবি দেখা যাচ্ছে না বলে দাবি রাজনৈতিক মহলের।রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর মধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে হাসি রথের নাম। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হাসি রথ রাজনীতির সঙ্গে যুক্ত। সেই কারণেই তাঁকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বলে খবর।চন্দ্রনাথ রথকে ঘিরেও রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে আততায়ীদের গুলিতে তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নিহত হন বলে জানানো হয়েছে। সেই চন্দ্রনাথের মা হাসি রথের নাম এবার নন্দীগ্রামের সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।তবে শুধু হাসি রথই নন, বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অঞ্জন ভারতী, মেঘনাদ পাল এবং প্রলয় পালের নামও শোনা যাচ্ছে। তিনজনই তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পরিচিত কার্যকর্তা। ফলে শেষ পর্যন্ত কার নাম নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য বেছে নেওয়া হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানিয়েছেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী কে হবেন, তা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বই ঘোষণা করবে। এই বিষয়ে তাঁর কিছু বলার নেই বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে, নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে তৃণমূলের মধ্যে এখনও তেমন কোনও তৎপরতা দেখা যাচ্ছে না বলে দাবি রাজনৈতিক মহলের। এমনকি প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূলের উপস্থিতি দেখা যায়নি বলে জানা গিয়েছে।বিজেপি সরকার গঠনের পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। জেলার তৃণমূল নেতৃত্বের একাংশ জোড়াফুল প্রতীক থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন বলে দাবি করা হচ্ছে। এরপর থেকে জেলার নেতাদের তেমন কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাচ্ছে না বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।এর মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরিকে দু-একটি বৈঠকে দেখা গিয়েছিল। কিন্তু উপনির্বাচন ঘোষণার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করা হয়েছে। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলেও জানা গিয়েছে। দলের অন্য নেতাদেরও ফোনে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।সব মিলিয়ে নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিজেপি যখন প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত, তখন তৃণমূল শিবিরের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। হাসি রথের নাম কি শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে, নাকি অন্য কোনও পরিচিত মুখকে বেছে নেওয়া হবে, এখন সেটাই দেখার। একইসঙ্গে নন্দীগ্রামে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
দেশ

চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীরা তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছেন।সূত্রের খবর, চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এর আগেও উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত চলাকালীন রাজকুমারের ঘনিষ্ঠ বন্ধু মোনুও একটি পুরনো মামলায় আদালতে আত্মসমর্পণ করে। তার কিছুক্ষণের মধ্যেই গোলু সিংকে গ্রেপ্তার করা হয়।চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর নতুন করে মামলা রুজু করেছে সিবিআই। পাশাপাশি একজন উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। এই দলই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।তদন্তে উঠে এসেছে, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক মামলা ছিল। তদন্তকারীদের দাবি, এই মামলার সঙ্গে জড়িতদের একটি বড় অংশ পেশাদার অপরাধচক্রের সদস্য হতে পারে। বিশেষ করে বিহার এবং উত্তর ভারতের কিছু অঞ্চলের ভাড়াটে শ্যুটারদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।এই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই সূত্র ধরেই একের পর এক অভিযুক্তকে চিহ্নিত করছে সিবিআই।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নৃশংসভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে। সেই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছে সিবিআই। তদন্তকারীদের আশা, সাম্প্রতিক গ্রেপ্তারগুলির ফলে হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

জুন ০৫, ২০২৬
কলকাতা

শুভেন্দু ঘনিষ্ঠ খুনে ভয়ংকর মোড়! এক লক্ষ টাকায় ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল ‘মৃত্যুর গাড়ি’

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত মায়াঙ্ককে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে বারাসতে পৌঁছে দেওয়ার জন্য তাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল।সিবিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের এক ব্যক্তির নির্দেশেই নিসান মাইক্রা গাড়িটি বারাসতে নিয়ে আসে মায়াঙ্ক। মধ্যমগ্রামের ঘটনার দিন অভিযুক্তরা ওই গাড়িতেই ঘটনাস্থলে পৌঁছেছিল বলে তদন্তকারীদের অনুমান। জেরায় মায়াঙ্ক দাবি করেছে, শুধু গাড়ি পৌঁছে দেওয়ার কাজের জন্যই তার সঙ্গে এক লক্ষ টাকার চুক্তি হয়েছিল।তদন্তে আরও জানা গিয়েছে, হাওড়ার নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে গাড়ির নম্বর প্লেট বদলে ফেলা হয়। সেখানে শিলিগুড়ির আরটিও-তে নথিভুক্ত অন্য একটি গাড়ির নম্বর লাগানো হয়েছিল। টোল প্লাজা পার হওয়ার আগেই গাড়ির আসল নম্বর প্লেট ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছে সিবিআই।মায়াঙ্ককে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার একাধিক জায়গায় ঘুরে ঘটনার তথ্য যাচাই করেন তদন্তকারীরা। জেরায় মায়াঙ্ক জানিয়েছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল বারাসতের ১১ নম্বর রেল গেটের কাছে একটি নির্দিষ্ট জায়গায় গাড়িটি রেখে চলে যেতে। সেই মতো গাড়ি রেখে সেখান থেকে বাসে করে এয়ারপোর্ট এলাকায় যায় সে। পরে একটি খাবারের দোকানে খাওয়াদাওয়া করে ক্যাব ধরে পৌঁছে যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে ট্রেনে চেপে ফিরে যায় বক্সারে।সিবিআই আরও জানতে পেরেছে, টোল প্লাজায় অনলাইনেই টোলের টাকা মেটানো হয়েছিল। সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তে উঠে এসেছে আরও একটি বড় তথ্য। নিসান মাইক্রা ছাড়াও আরও একটি চারচাকা গাড়িতে তিনজন ঝাড়খণ্ড থেকে এসেছিল বলে দাবি করেছে মায়াঙ্ক। ওই তিনজন কারা, তা নিয়ে এখন জোর তদন্ত শুরু করেছে সিবিআই। ধৃত ভিকি ও রাজ সিং কি ওই গাড়িতে ছিল, নাকি আরও কেউ এই ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা চলছে।এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের সেই ব্যক্তির খোঁজ পায়নি সিবিআই, যিনি মায়াঙ্ককে এক লক্ষ টাকার বিনিময়ে গাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তদন্তকারীদের সন্দেহ, খুনের সুপারি দেওয়ার নেপথ্যেও থাকতে পারেন ওই ব্যক্তি। তাই তাকে খুঁজে বের করাই এখন তদন্তের সবচেয়ে বড় লক্ষ্য।

মে ১৫, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ রথ হত্যা তদন্তে নতুন মোড়, রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিল সিবিআই

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড় এল। বহু আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তভার আনুষ্ঠানিকভাবে নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশের পর মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে।সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। কলকাতা অঞ্চলের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে এই সিট কাজ করবে। তদন্তের অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী দক্ষ আধিকারিকদের এই দলে অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মামলার যাবতীয় নথিপত্র, প্রাথমিক তদন্তের রিপোর্ট এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।এই হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই আন্তঃরাজ্য চক্রের ইঙ্গিত মিলেছে। তদন্তে নেমে রাজ্য পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন জন সন্দেহভাজন শার্পশুটারকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রে দাবি। তাঁদের সঙ্গে এই হত্যার মূলচক্রীদের যোগাযোগ ছিল কি না, কার নির্দেশে তারা কলকাতায় এসেছিল এবং খুনের পেছনে রাজনৈতিক না কি অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক কারণ রয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরাসরি মাঠে নামছে সিবিআই।সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালানো হতে পারে। ধৃতদের কল রেকর্ড, আর্থিক লেনদেন, যাতায়াতের রুট এবং স্থানীয় যোগাযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের সাহায্যও নেওয়া হবে।চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। বিরোধী শিবির থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছিল। সেই আবহেই তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ায় মামলার রহস্যভেদে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন নজর সিবিআইয়ের তদন্তে এই খুনের নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্রকারীদের মুখোশ কবে খুলে যায়, সেটাই দেখার।

মে ১২, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ রথের খুনি সন্দেহে তিন ব্যক্তি গ্রেফতার, ভবানী ভবনে চলছে জিজ্ঞাসাবাদ

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ থেকে তিন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দ্রুত কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। দলে রয়েছেন এসটিএফ এবং সিআইডির অভিজ্ঞ আধিকারিকরা। তদন্তে নেমে সূত্র ধরে ভিনরাজ্যে অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে তিন জনকে পাকড়াও করা হয়।উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ রথ। জানা যায়, তাঁর গাড়ির সামনে আচমকাই একটি চারচাকা এসে দাঁড়ালে গাড়ি থামাতে বাধ্য হন চালক। সেই সময় দুদিক থেকে বাইকে চেপে আসা আততায়ীরা চন্দ্রনাথ ও তাঁর চালককে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় অনলাইনে টোলের টাকা মেটানোর সূত্র ধরেই অভিযুক্তদের সন্ধান মেলে। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত চারচাকা এবং দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সবকটি গাড়ির নম্বরপ্লেটই ভুয়ো।পুলিশের ধারণা, অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই এই খুনের ছক কষা হয়েছিল। চন্দ্রনাথ রথের সঙ্গে কারও শত্রুতা বা সাম্প্রতিক কোনও বিরোধ ছিল কি না, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্যে আরও বড় চক্রান্তের তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

মে ১১, ২০২৬
কলকাতা

টোল প্লাজার ক্যামেরায় ধরা পড়ল খুনিদের গাড়ি! ইউপিআই সূত্রে চাঞ্চল্যকর মোড়

চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় সূত্র পেল পুলিশ। খুনে ব্যবহৃত গাড়ির ফাস্ট্যাগ পেমেন্ট থেকে একটি ইউপিআই লিঙ্কের খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।তদন্তকারীদের দাবি, খুনে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা হয়ে এলাকায় ঢুকেছিল। টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। সেখানে টোলের টাকা ফাস্ট্যাগের মাধ্যমে দেওয়া হয়েছিল। সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরেই কোন অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে, তা জানতে পেরেছে পুলিশ।চন্দ্রনাথ রথের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চন্দ্রনাথ ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর পাঁচ গ্রাম পঞ্চায়েতে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময় থেকেই তাঁদের পরিচয়। ধীরে ধীরে শুভেন্দুর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হয়ে ওঠেন চন্দ্রনাথ। রাজনৈতিক কর্মকাণ্ড দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি।বুধবার রাতে আচমকাই খুন হন চন্দ্রনাথ রথ। তারপর থেকেই তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। আততায়ীদের গতিবিধি জানতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তকারীরা টাওয়ার ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ঘটনার আগে এবং পরে এলাকার মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কোন কোন মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল বা কল রিসিভ করা হয়েছিল, তার তালিকা তৈরি করা হচ্ছে। সন্দেহজনক নম্বর চিহ্নিত করতে ঘটনাস্থলের আশপাশের একাধিক মোবাইল টাওয়ারের তথ্য সংগ্রহ করা হয়েছে।বিশেষ সফটওয়্যারের সাহায্যে বহু ফোন কলের মধ্যে থেকে সন্দেহভাজন নম্বর আলাদা করার কাজ চলছে। তদন্তকারীরা দেখছেন, ঘটনার আগে ও পরে কোন কোন নতুন নম্বর থেকে হঠাৎ ফোন আদানপ্রদান হয়েছে। সেই নম্বরগুলির টাওয়ার লোকেশন ট্র্যাক করে আততায়ীদের গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ।

মে ১০, ২০২৬
রাজ্য

‘আমি না জিতলে হয়তো চন্দ্রনাথ বাঁচত!’ বিস্ফোরক শুভেন্দু, কাঁপছে বাংলা রাজনীতি

নতুন সরকার গঠনের আবহের মধ্যেই ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ফল প্রকাশের মাত্র দুদিনের মাথায় খুন হলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নিজের দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহ কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নিয়ে যাওয়ার সময় আবেগঘন প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি বলেন, আমি ভবানীপুরে না জিতলে হয়তো চন্দ্রনাথকে খুন হতে হতো না। আমি বিরোধী দলনেতা ছিলাম বলেই আমার পিএ হিসেবেও ও টার্গেট হয়েছিল। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই খুনের ঘটনায় চার্জশিট জমা পড়বে এবং দোষীরা কঠোর শাস্তি পাবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় দশটা পনেরো নাগাদ মধ্যমগ্রামে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি চারচাকা গাড়ি এসে তাঁর গাড়ির পথ আটকে দেয়। এরপর বাইকে করে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায়। গাড়িতে চালকের পাশাপাশি পিছনের সিটে আরও একজন ছিলেন। হামলার সময় তিনি সিটের নীচে লুকিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান বলে জানা গিয়েছে।গুলিতে গুরুতর জখম হন চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালক। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। আহত চালককে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই খুনের ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

মে ০৭, ২০২৬
রাজ্য

‘ঠান্ডা মাথায় খুন করা হয়েছে’! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার হাসপাতালে পৌঁছে এই ঘটনাকে ঠান্ডা মাথায় খুন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করে ঘটানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান।চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। গত প্রায় এক দশক ধরে রাজনৈতিক সফর থেকে সাংগঠনিক কাজ সবক্ষেত্রেই শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইক এবং গাড়িতে করে আসা একদল দুষ্কৃতী চন্দ্রনাথের স্করপিও গাড়ির পথ আটকায়। তারপর খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অন্তত আটজন হামলাকারী চারটি মোটরবাইকে করে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল বলেও জানা গিয়েছে।তদন্তে আরও উঠে এসেছে একটি সন্দেহজনক গাড়ির তথ্য। শিলিগুড়ির নম্বরযুক্ত একটি গাড়ি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। সেই গাড়ি থামতেই আততায়ীরা গুলি চালাতে শুরু করে। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।পুলিশ জানিয়েছে, চন্দ্রনাথের বুকে এবং পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা প্রাণ ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।ঘটনায় আহত হয়েছেন চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরও এক ব্যক্তি। তাঁর শরীরেও একাধিক গুলি লেগেছে। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখনও সচেতন অবস্থায় রয়েছেন এবং তাঁর অস্ত্রোপচার করা হবে।এদিকে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, হামলায় ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। গাড়ির গতিবিধি এবং হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা চলছে।ঘটনার খবর ছড়াতেই হাসপাতালে পৌঁছে যান বিজেপির একাধিক শীর্ষ নেতা। সেখানে ছিলেন সুকান্ত মজুমদার, অর্জুন সিং-সহ আরও অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মে ০৭, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ খুনে বিস্ফোরক মোড়! সিবিআই তদন্তের দাবি তুলল তৃণমূল

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে চন্দ্রনাথ রথের হত্যার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় নিহত তিন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে।অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বার্তায় বলা হয়েছে, মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, আদর্শ আচরণ বিধি চালু থাকা সত্ত্বেও গত কয়েক দিনে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে তিনজন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিও তুলেছে শাসকদল। দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভেন্দুর আপ্তসহায়কের গাড়ির পথ আটকায়। এরপর খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীদের বাইকে কোনও নম্বর প্লেট ছিল না। চন্দ্রনাথ রথের বুকে, পেটে এবং মাথায় গুলি লাগে। ঘটনায় আহত হন তাঁর গাড়ির চালকও।গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে দ্রুত মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালককে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনার পর থেকেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, কৌস্তভ বাগচী-সহ একাধিক বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের পিছনে রয়েছে।এদিকে ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলেন, এই ঘটনার ফল তৃণমূলকে ভুগতে হবে। তাঁর অভিযোগ, পুরো ঘটনাই পরিকল্পনা করে করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে চন্দ্রনাথের দেহ দাহ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মে ০৭, ২০২৬
রাজ্য

হার্ট ভেদ করে গুলি! কেন বাঁচলেন ড্রাইভার, মৃত্যু হল চন্দ্রনাথের?

ভোট পরবর্তী সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক হিংসার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যমগ্রাম। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে গাড়ি আটকে খুব কাছ থেকে তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। তাঁকে পরে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হাসপাতালের চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানান, রাতেই গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ছিলেন চন্দ্রনাথ রথ এবং তাঁর গাড়ির চালক। চিকিৎসকদের দাবি, চন্দ্রনাথের বুকে বাঁদিক দিয়ে দুটি গুলি লাগে। গুলি হৃদযন্ত্র ভেদ করে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোলতলা এলাকার কাছে বাড়ি ছিল চন্দ্রনাথ রথের। বুধবার রাতে তিনি গাড়ি করে ফিরছিলেন। সেই সময় একটি ছোট চারচাকার গাড়ি এসে তাঁদের গাড়ির পথ আটকে দেয়। এরপর পিছন দিক থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। অভিযোগ, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়। সেই সময় চন্দ্রনাথ চালকের পাশের আসনে বসেছিলেন।স্থানীয় সূত্রে খবর, মূল রাস্তা থেকে একটু ভিতরের দিকে এই হামলার ঘটনা ঘটে। গাড়ি দাঁড়িয়ে যেতেই খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়। চন্দ্রনাথ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর আততায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট গাড়িও উদ্ধার করেছে পুলিশ। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আহত চালক কিছুটা সুস্থ হলে তাঁর বয়ান থেকে হামলার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

মে ০৭, ২০২৬
রাজ্য

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি! শুভেন্দুর ঘনিষ্ঠকে খুন ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপির

কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। অভিযোগ, মাঝ রাস্তায় তাঁর গাড়ি আটকে খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই খুন, নাকি রাজনৈতিক প্রতিহিংসার ফল?চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি সরাসরি তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। অর্জুনের দাবি, এটি অত্যন্ত পরিকল্পিত হামলা এবং পেশাদার খুনিদের দিয়েই এই কাজ করানো হয়েছে। তাঁর কথায়, খুব কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, হামলার সময় গাড়িতে তিনজন ছিলেন। একজন নিচু হয়ে যাওয়ায় বেঁচে যান, তবে চালক এবং চন্দ্রনাথ গুলিবিদ্ধ হন।অন্যদিকে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডাও দাবি করেছেন, পুরো ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। তাঁর অভিযোগ, দিনের পর দিন নজরদারি চালিয়ে তারপর চন্দ্রনাথকে খুন করা হয়েছে। নির্বাচনে ফল খারাপ হওয়ার পরও শাসকদলের কোনও শিক্ষা হয়নি বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শঙ্কুদেব। তাঁর দাবি, ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি।রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাঁর ঘনিষ্ঠ সহকারীকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।এদিকে একই রাতে বসিরহাটেও বিজেপি কর্মী রোহিত রায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে এক রাতেই পরপর দুই বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।

মে ০৭, ২০২৬
রাজ্য

শুভেন্দুর সঙ্গ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুলি! কীভাবে খুন হল চন্দ্রনাথ?

শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন চন্দ্রনাথ রথ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ বুধবারও সারাদিন শুভেন্দুর সঙ্গেই ছিলেন। তিনি বিধানসভাতেও গিয়েছিলেন শুভেন্দুর সঙ্গে। পরে রাতে শুভেন্দু অধিকারী কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। আর সেই সময় চন্দ্রনাথ গাড়িতে করে উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের দোহাড়িয়ায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন।রাত প্রায় এগারোটা নাগাদ দোহাড়িয়ার কাছে মূল রাস্তা ছেড়ে পাড়ার রাস্তায় ঢোকার সময় আচমকাই একটি গাড়ি এসে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়। অভিযোগ, তখনই মোটরবাইকে করে আসা এক দুষ্কৃতী চালকের পাশের আসনে বসে থাকা চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। খুব কাছ থেকে গুলি চালানো হওয়ায় তাঁর বুকে একাধিক গুলি লাগে। গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, একজন দুষ্কৃতী বাইকে এসে গুলি চালায় এবং তার মাথায় হেলমেটও ছিল না। তবে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, হামলায় একাধিক দুষ্কৃতী জড়িত ছিল।পুলিশের প্রাথমিক অনুমান, পুরো ঘটনাটি পরিকল্পনা করে ঘটানো হয়েছে। তদন্তকারীদের ধারণা, আগেই চন্দ্রনাথের গাড়ির উপর নজর রাখা হচ্ছিল। যে গাড়িটি এসে রাস্তা আটকায়, তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, চন্দ্রনাথ রথ প্রাক্তন বায়ুসেনা কর্মী ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘদিন ধরেই শুভেন্দুর রাজনৈতিক এবং সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব সামলাতেন তিনি।খবর পাওয়ার পর রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। এছাড়াও অর্জুন সিং, কৌস্তভ বাগচির মতো বিজেপি নেতারাও হাসপাতালে পৌঁছন। হাসপাতালের বাইরে কয়েকশো বিজেপি সমর্থক জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় যশোর রোডে যান চলাচলেও প্রভাব পড়ে।চন্দ্রনাথের গাড়ির আহত চালককে পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজ চালানো হচ্ছে।

মে ০৭, ২০২৬

ট্রেন্ডিং

বিদেশ

হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত! একটিও মানতে নারাজ বাংলাদেশ, প্রত্যর্পণ নিয়ে বাড়ছে জট

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই। ভারতের তরফে এমন কোনও শর্ত দেওয়া হয়ে থাকলে তা মানা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের তরফে দুটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচার বা আপিলের সুযোগ দিতে হবে। রবিবার সেই দাবি নিয়ে মুখ খোলেন আমিনুল ইসলাম। ভারতের এই শর্তকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি।আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেদের দেশে নতুন করে বিচারের এই বিধান বাতিল করে বাংলাদেশকে সেই পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয় বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। আমরা তা প্রত্যাখ্যান করছি।তাঁর আরও দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন। ভারতকে প্রশ্ন করে আমিনুল বলেন, হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন বিচারপ্রক্রিয়া চলছিল। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি?উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও অবস্থান জানায়নি। তবে সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে।প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগস্টে সামরিক বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। তাই তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে এই দুই শর্তের বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই বিচারপ্রক্রিয়া এবং রায় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে ভারতের তরফে সত্যিই নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়ার শর্ত রাখা হয়ে থাকলে, তা হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।অন্য দিকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের শর্ত নিয়ে বাংলাদেশের আপত্তি এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের সম্ভাবনা নাকচ করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব হবে?

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

‘শেষ দেখাও দেখতে চাই না’, এনকাউন্টারে রতন শেখের মৃত্যুতে বিস্ফোরক দাদা! ভাইয়ের কুকীর্তি নিয়ে কী বললেন?

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার সন্ধ্যায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। তবে ভাইয়ের এমন পরিণতিতে পরিবারের তরফে পুলিশের পদক্ষেপ নিয়ে কোনও অভিযোগ নেই। বরং ভাইয়ের অপরাধের শাস্তি হয়েছে বলেই মনে করছেন দাদা সালাম শেখ। ভাইয়ের মৃত্যুতে মন খারাপ হলেও তার কুকীর্তি কোনও ভাবেই মেনে নিতে রাজি নন তিনি। এমনকি ভাইয়ের শেষ দেখাও দেখতে চান না বলে জানিয়েছেন সালাম।সালাম শেখ পেশায় দিনমজুর। রবিবার তিনি বলেন, এক মায়ের পেটের ভাই হলেও ওর অপকর্ম মেনে নেওয়া সম্ভব নয়। সারা বছর চুরি, ডাকাতি, ছিনতাই করে জেলে গিয়েছে, তা-ও মেনে নিয়েছি। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কখনওই মেনে নেওয়া যায় না। নিজের কাজের শাস্তি পেয়েছে ভাই। শেষ দেখাও আর দেখতে চাই না।ভাইয়ের মৃত্যুতে শোক রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি রয়েছে ভাইয়ের অপরাধের প্রতি ক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যুর পর পরিবারের এমন অবস্থান ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। সালামের দাবি, রতনের অপরাধের সঙ্গে পরিবারের কোনও যোগ ছিল না। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তার।গত ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে শেষ বার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সালামের। তার কয়েক দিনের মধ্যেই রতনের মৃত্যুর খবর পান তিনি। নানুরের সাতরা গ্রামে ছিল রতন শেখের আদি বাড়ি। তবে প্রায় সাত বছর আগে জমি ও ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যায় পরিবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েছিল রতন। সেই কারণেই এক সময় সাতরা ছাড়তে হয়েছিল তাকে। শুধু অপরাধমূলক কাজ নয়, মাদক কারবারের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবারের সদস্যদের দাবি, রতনের জীবনযাপন এমন ছিল যে, এক মাস বাড়িতে থাকলে পরের ছমাস কাটত জেলে। অপরাধের কারণে বার বার জেলে যেতে হত তাকে। রতনের মৃত্যুর পর তার দেহ সাতরা গ্রামে ফিরিয়ে আনা হোক, তা-ও চান না স্থানীয় বাসিন্দাদের একাংশ।সব মিলিয়ে রতন শেখের মৃত্যুর পর সামনে এসেছে তার পরিবারের ক্ষোভ এবং এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অসন্তোষ। যে ভাইয়ের অপরাধের কথা মেনে নিতে পারেননি দাদা, সেই রতনের শেষকৃত্য নিয়েও আপত্তি উঠছে গ্রামে।

নভেম্বর ১৫, ২০২৬
দেশ

সিকিমের আকাশে ২৫ মিনিট ধরে চক্কর চিনা সামরিক বিমানের! বারবার সতর্ক করেও লাভ হল না, কীসের ইঙ্গিত?

সিকিমে ভারত-চিন সীমান্তের আকাশে রহস্যময় চিনা বিমানের উড়ান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশে চক্কর কেটেছে বিমানটি। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিনের দিক থেকে বিমানটি ভারতের আকাশে ঢুকে পড়েছিল। বার বার সতর্ক করার পরেও সেটি ভারতের আকাশসীমা ছেড়ে যায়নি বলে দাবি সূত্রের।বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সিকিমের আকাশে বিমানটিকে দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায় বিমানটি। সূত্রের দাবি, সেটি চিনের সামরিক বাহিনীর বিমান ছিল। তবে বিমানটির পরিচয় এবং ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।ঘটনাটি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তা হলে কি ভারতের সীমান্ত এলাকায় নজরদারি চালাতেই ওই বিমান পাঠিয়েছিল চিন? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।উল্লেখ্য, সিকিমের উত্তরে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা চিকেনস নেক নামে পরিচিত। এই সরু ভূখণ্ডের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক ভারত।বর্তমানে এই সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে বলে খবর।অন্য দিকে, ডোকলামকে কেন্দ্র করে অতীতে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলেছে। সীমান্ত এলাকায় চিনের নির্মাণকাজ নিয়েও একাধিক বার আপত্তি জানিয়েছে ভারত। সিকিম এবং আশপাশের সীমান্তবর্তী এলাকায় তাই কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।এই পরিস্থিতিতে ভারতের আকাশে চিনা সামরিক বিমানের প্রবেশের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে বিমানটি ঠিক কোথা থেকে এসেছিল, কতক্ষণ ভারতের আকাশসীমায় ছিল এবং কেন সেখানে চক্কর কাটছিল, সেই সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

কনস্টেবলকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের! কী ঘটেছিল নানুরে?

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পানিহাটিতে বিজেপির অন্দরের সংঘাতের বলি! নেত্রী রুমা সাহার স্বামীর মৃত্যু, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক বিধায়ক রত্না

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই কর্মীদের সঙ্গে বচসা, স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় আক্রান্ত অরূপ সাহা। হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তপ্ত পানিহাটি। দলবদলুদের দাপট, জেলা নেতৃত্বের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চায় উঠে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। নিহতের নাম অরূপ সাহা। তিনি পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী। শনিবার রাতে বাজার এলাকায় অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন অরূপ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর থেকেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। একদিকে নিহতের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিস্ফোরক মন্তব্যসব মিলিয়ে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পর দলেরই কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন।রুমা সাহার দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসায় জড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি তাঁদের কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। সকলকে শান্ত হওয়ার এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেন। প্রয়োজনে বিষয়টি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।কিন্তু তাঁর অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের অশান্তির খবর পান। পরিস্থিতি সামাল দিতে তিনি আবার ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন স্বামী অরূপও। সেখানে গিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে দেখতে পান বলে দাবি রুমার। তাঁদের মধ্যে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রুমার অভিযোগ, ওই যুবকদের মধ্যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত কয়েকজন ছিলেন।রুমার বক্তব্য অনুযায়ী, তিনি ফের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার নামে দুই ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। স্ত্রীর দিকে এমন আচরণ দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রুমাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় তিনি থানায় ফোন করেন। কিন্তু তাঁর দাবি, থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেন।এরপর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন রুমা। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরই অরূপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। রুমার কথায়, বাড়ি ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। ঠিকমতো কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার।স্বামীর মৃত্যুর পর রুমা সাহার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের বিরোধ থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও সামনে আসেনি।অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আর সেখানেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।রত্নার অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে।শুধু তাই নয়, পানিহাটি-১ মণ্ডলের যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে আলাদা আলাদা লোক বসানো হলেও তাঁদের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও কার্যকর সমন্বয় নেই। ফলে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত বাড়ছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলেও প্রকাশ্যে জানিয়েছেন রত্না। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে পছন্দ করেন না এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয়ের অভাব রয়েছে।রত্না দেবনাথের বক্তব্য, কোনও ব্যক্তি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন কি না, সেটি বড় কথা নয়। কিন্তু দলে যোগ দেওয়ার পর কেউ যদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা যায় না। যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একাধিকবার মারামারি ও অশান্তির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এমনকি কয়েক দিন আগেই তিনি পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও দাবি তাঁর।এবার অরূপ সাহার মৃত্যুর পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রত্না। তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, পানিহাটির এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরেও ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীকে দলেরই একাংশের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই আবহে পানিহাটির ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।অন্যদিকে, অরূপ সাহার মৃত্যুর ঘটনায় বিজেপির অপর পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও সামনে আসেনি। ফলে ঠিক কী কারণে অরূপের মৃত্যু হয়েছে, কারা তাঁকে আক্রমণ করেছিলেন এবং এই সংঘর্ষের পিছনে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব কতটা দায়ীতা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে এক কর্মীর মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব কতটা কঠোর পদক্ষেপ করে এবং প্রশাসন এই ঘটনায় কত দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
বিদেশ

একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?

হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

বই হাতে জনসংযোগে সিপিএম, রাজ্যজুড়ে শুরু ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহেই এবার বইকে হাতিয়ার করে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হয়েছে দলের ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি। বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাম নেতৃত্ব।রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন বই হাতে পাড়ায় পাড়ায় এবং দোকানে দোকানে ঘোরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং পাঠাভ্যাসের প্রসারে এই উদ্যোগ বলে জানান তিনি।সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় এই উদ্যোগে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানেই চেতনা, বই মানুষের বন্ধু। বই পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা এবং বই উপহার দেওয়ার মধ্য দিয়েই সমাজে সচেতনতা তৈরি করা সম্ভব।একইসঙ্গে রাজনৈতিক বক্তব্যে তাঁর দাবি, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বড় শক্তি হল বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, বইকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিএম।

নভেম্বর ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal